চাঁপাইনবাবগঞ্জের শান্তিমোড়ে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে ৪ শ্রমিক আহত, উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলো রাজশাহীতে
চাঁপাইনবাবগঞ্জের শান্তিমোড়ে শুক্রবার বিকেল ৫টায় ড্রেন নির্মাণের কাজ করার সময় মাটি খোঁড়ার একপর্যায়ে দেওয়াল ধসে পড়ে চার নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাদের সবাইকে রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ নূর ইসলাম বলেন, “ড্রেন নির্মাণের কাজ চলাকালে মাটি খুঁড়তে গেলে পাশের একটি দেয়াল চার শ্রমিকের ওপর চাপা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসেন। আহতদের মধ্যে একজনের বাঁম পা ভেঙে গেছে এবং বাকিদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকেই রাজশাহীতে রেফার্ড করা হয়েছে।”
আহত শ্রমিকেরা হলেন ঝালকাঠির নলছিটির পারভেজ হাওলাদার (৩১), বরিশালের হিজলার মোহাম্মদ আলী (৪০) এবং মেহেন্দিগঞ্জের সিদ্দিক মাঝি (৩৩) ও রবিউল হাওলাদার (২২)। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 








