চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা এলাকায় পদ্মা নদীর ঘাটে পানি নিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ ১২ জুন শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।
নিহত শিশুরা হলো বাখর আলী গ্রামের মোঃ জোহর আলীর মেয়ে জেসমিন খাতুন (০৮) এবং চাকপাড়া গ্রামের মৃত কাজল ওরফে গোল কাজলের মেয়ে ইসরাত খাতুন (০৭)। তারা উভয়ই চর বাগডাঙ্গার বাসিন্দা।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শিশু দুটি মোঃ আলম (৫৫) এর বাড়ির সামনে পদ্মা নদীর ঘাটে পানি নিয়ে খেলার সময় হঠাৎ পানিতে পড়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার স্টেশন টিম এবং রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
অভিযান শেষে বিকেল ৩:২৫ মিনিটে জেসমিন খাতুন এবং বিকেল ৪:৩০ মিনিটে ইসরাত খাতুনের মরদেহ ঘটনাস্থলের সন্নিকটে পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়। এরপর ফায়ার সার্ভিস তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছেন।
Reporter Name 








