- চাঁপাইনবাবগঞ্জ সদরে সার বেশি দামে বিক্রি ও অবৈধ মজুত: ডিলারকে ১ লাখ টাকা জরিমানা।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং বিপুল পরিমাণ সার অবৈধভাবে মজুত রাখার অপরাধে এক খুচরা সার ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাংগা এলাকায় ‘মেসার্স ইসলাম ট্রেডার্স’ নামে একটি খুচরা সারের দোকানে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মোঃ নুর ইসলাম (৫০)। তিনি হোসেনডাংগা এলাকার মোঃ নুরফস আলীর ছেলে।
অভিযানের দায়িত্বে থাকা সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মেসার্স ইসলাম ট্রেডার্সে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি ও ৪৫ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। পরে অপরাধ স্বীকার করায় সারের দোকান মালিক মোঃ নুর ইসলামকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত সারগুলো সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে যথাযথভাবে বিক্রি করে সেই বিক্রয়লব্ধ অর্থ দোকান মালিককে বুঝিয়ে দেয়ার নির্দেশ দেওয়া হয়। এ কাজের জন্য ঝিলিম ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে। উক্ত মোবাইল কোর্ট অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি বিভাগ এবং সদর মডেল থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।









