চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩১০টি চোরাই ভারতীয় ব্যবহৃত মোবাইল ফোনসহ মোছাঃ জেসমিন খাতুন (২৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত এসব মোবাইলের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৬০ হাজার টাকা। শনিবার (১৫ আগস্ট) ভোররাত ৩টায় ভোলাহাট থানার জাদুনগর গ্রামের মোঃ মঞ্জুর হোসেনের বসতবাড়িতে এই অভিযান চালানো হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ভোলাহাট থানার অফিসার্স ইন চার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক।
পুলিশ সূত্রে জানা যায়, জাদুনগর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মঞ্জুর হোসেনের বসতবাড়ির দক্ষিণ দুয়ারী মাটির শয়নকক্ষে রাখা একটি নীল রঙের বড় প্লাস্টিকের ড্রামে তল্লাশি চালানো হয়। ড্রামটি থেকে ভিভো,অপ্পো,রিয়ালমি,রেডমি ও স্যামসাং সহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের সর্বমোট ৩১০টি অবৈধ ও চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়।
ভোলাহাট থানার অফিসার্স ইন চার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক জানান, অভিযানকালে জড়িত থাকায় মঞ্জুর হোসেনের স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেফতার করে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিশাল চালান জব্দ করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্তে কাজ চলছে।









