চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নে মাদক সংক্রান্ত বিরোধ মীমাংসার এক গ্রাম্য সালিশে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ইব্রাহিম আলী (৩৮) নামে এক ব্যক্তি নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক চোরাকারবারিদের বিজিবির কাছে ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। তা মীমাংসার লক্ষ্যে আয়োজিত সালিশ বৈঠকে উভয় পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হলে বল্লমের আঘাতে শওকত আলীর ছেলে ইব্রাহিম গুরুতর আহত হন। ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে দ্বিতীয় পক্ষের মনিরুল ইসলামসহ বেশ কয়েকজন আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, “ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশি তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
News Title :
চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত ১০
-
Reporter Name - Update Time : ০৩:০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- ৩১ Time View
Popular Post









